অর্থনীতি

নড়াইলে এখনো গড়ে ওঠেনি বিসিক শিল্প নগরী

নড়াইলে এখনো গড়ে ওঠেনি বিসিক শিল্প নগরী

সম্ভাবনা থাকা স্বত্ত্বেও নড়াইলে এখনো গড়ে ওঠেনি বিসিক শিল্প নগরী। ব্যক্তি উদ্যোগে ছোট ছোট কিছু প্রতিষ্ঠান থাকলেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম নেই বিসিকের। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে ওই জনপদের মানুষ। 

১৯৮৪ সালে জেলা হিসেবে নড়াইলের প্রতিষ্ঠার পর থেকেই বেশ কিছু সেবা প্রতিষ্ঠান গড়ে ওঠলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা পিছিয়ে পড়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র নামে জেলায় একটি কার্যালয় থাকলেও তা নামে মাত্র। এত বছরেও গড়ে ওঠেনি শিল্প নগরীটি। 

ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িতরা বলছেন, বিসিক শিল্প নগরী না থাকায় নিরাপত্তাহীনতাসহ নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ব্যবসা করতে হচ্ছে তাদের। এছাড়া শিল্প নগরী গড়ে তোলা হলে কর্মসংস্থানও সৃষ্টি হবে অনেক।

শিল্প মালিকরা মনে করেন বিসিকের মাধ্যমে নানান পদক্ষেপ নিলে আরো বেশি উন্নয়ন সম্ভব হবে। 

নড়াইলের চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান বলেন, নড়াইলে যারা বড় বড় ইন্ডাস্ট্রি করতে চায় এমন ব্যবসায়ী যারা আছে তারা এখানে অনেক জায়গা কেনার জন্য দৌঁড়ঝাপ করেছে। আমরা চাই এই সুযোগটা যেন নষ্ট না হয়ে যায়।

শিল্প সহায়ক কেন্দ্র জানাচ্ছে, বিসিক শিল্প নগরী গড়ে তুলতে বেশ কয়েকবার পরিকল্পনা নেয়া হয়েছে। সর্বশেষ ২০১৩ সালে প্রতিবেদন দাখিলের পর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এখনো।

নড়াইলের শিল্প সহায়ক কেন্দ্রের প্রধান সৈয়দ আনোয়ারুল আলম বলেন, সম্প্রতি এই বিষয়টির বর্তমান অবস্থা জানার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিলো। আমরা সেখান থেকে জানতে পারি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

এমপি, নড়াইল-২ আসনের এমপি এ্যাড. হাফিজুর রহমান বলেন, বিসিক শিল্প নগরী গড়ে তুলতে না পারলে আমরা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে থাকবো। আমরা যতটুকু প্রচেষ্টা নেওয়া দরকার ততটা ব্যবস্থা নিবো।

ব্যবসায়ীরা বলছেন, বিসিক শিল্প নগরী গড়ে উঠলে শুধু কর্মসংস্থান তৈরিই নয় অর্থনৈতিকভাবেও এগিয়ে যাবে নড়াইল।

বিষয়:বিসিক শিল্প নগরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…