নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়ার। বৃহস্পতিবার ঢাকার বনানীস্থ নৌ সদর দপ্তরে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান।
সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চিফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধু প্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার বাংলাদেশে আসেন।







