সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়াকচার্জড শ্রমিক-কর্মচারীদেরকে নিয়মিত করার আদেশ (প্রথম ধাপ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল চক্রান্ত করছে জানিয়ে কাদের বলেন, শেখ হাসিনার সরকারকে হটানোর পাঁয়তারা চলছে। জনগণের কাছে সাড়া না পেয়ে মহলটি আজ বিদেশীদের কাছে কান্নাকাটি করছে। শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানামুখী তৎপরতা শুরু করে দিয়েছে । বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনার চেয়ে আপন আর কেউ নেই ।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১৭৫১ ডলার। একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে এসেছে শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৬ শতাংশ, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা ৬৪ শতাংশ। শেখ হাসিনা সরকার শ্রমিক বান্ধব সরকার, গণমানুষের সরকার, গণ বান্ধব সরকার।
সড়ক পরিবহন আইন আজ সংসদে পাশ হবে জানিয়ে কাদের বলেন, ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের ফলে ১৯৮৩ সালের আইনের ৩৪ বছর পর আজ সড়ক পরিবহন বিলটি সংসদে উত্থাপিত হবে, আলোর মুখ দেখবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন খন্দকার, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।







