আর ১১ দিন পর কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষে।
আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হালে পানি পাবেন না বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। দুই দলেরই বিদ্রোহী নেতাদের শিগগিরই বহিষ্কার করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
গত ২০ মে শুক্রবার উখিয়া উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক অব্যাহত রয়েছে।
সাধারণ ভোটাররা বলেন, এবার প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই লড়াই হবে নৌকা-ধানের শীষে।
উপজেলার ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। তবে দলের বাইরে ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে জয়ী হতে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, শিগগিরই বাকিদেরকেও বহিষ্কার করা হবে।







