গল্প যখন চেয়ারের তখন নানা প্রশ্ন আর উত্তর নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে সরকারি দলের প্রার্থী কে হচ্ছেন? এই জল্পনার অনেকখানি অবসান ঘটিয়ে রাজনীতির মাঠে দৃশ্যমান হয়েছে যার নামটি তিনি রাজনীতির পরিচিত মুখ না হলেও ব্যবসায়ী নেতা হিসেবে সবার প্রিয়মুখ আতিকুল ইসলাম।
সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেত নিয়েই ডিসিসি উত্তরের উপ-নির্বাচনে নৌকার পক্ষে ভোটযুদ্ধে নামতে প্রস্তুত ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। ৩০ বছর ধরে দেশের তৈরী পোশাক শিল্পে অবদান রাখা আতিক মনে করেন, রাজনীতির মঞ্চে বিজয়ী হতে জনগণই শেষ ভরসা। আওয়ামী লীগ নেতারাও বলছেন, আবারও ব্যবসায়ী নেতা মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করবেন সিদ্ধান্ত নিতে ভুল করেন না তিনি।
দুই যুগেরও বেশি সময় ধরে তৈরি পোশাক শিল্পের সঙ্গে একনিষ্ঠভাবে লেগে থাকা সফল এই ব্যবসায়ী নেতা বলছেন, কোন ম্যাজিক দিয়ে নয়, চুলচেরা বিশ্লেষণ করেই সরকারের শীর্ষ পর্যায় তাকে উত্তরের নির্বাচনী লড়াইয়ে সবুজ সংকেত দিয়েছেন।
মাঠের রাজনীতির সঙ্গে সরাসরি যোগসূত্র না থাকলেও সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের আদর্শের পথ ধরে তিনিও ব্যবসায়ী থেকে সফল রাজনীতিবিদ হতে চান। জনগণকে সঙ্গে নিয়েই প্রমাণ করতে চান নৌকার জনপ্রিয়তা। ভোটযুদ্ধে একলা নয়, প্রতিপক্ষ হিসেবে চান সব দলের অংশগ্রহণ।
তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে থাকা এই ব্যবসায়ী নেতা রাজনীতির বাইরের মানুষ হলেও বঙ্গবন্ধুর আদর্শের পরিচ্ছন্ন মানুষ হিসেবে তার দিকেই পাল্লা ভারী বলে মন্তব্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।
ইতোমধ্যে আলোচনায় থাকা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আতিকুল ইসলাম ঘরোয়া বৈঠক সহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:








