নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত শাকিল নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এসময় তার ব্যবহৃত মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের অশ্লীল ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ইয়াছিন আরাফাত শাকিল কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে। সে কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার শাকিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ওই মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের নামের ফ্লোডারে থাকা অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাকিল মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের জন্য সুকৌশলে তাদের অশ্লীল ভিডিও-ছবি ধারণ করে। পুলিশ পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের অধীনে একটি মামলা দায়ের করেন।







