নোকিয়ার এন্ট্রি লেভেল স্মার্টফোন নোকিয়া ২-এ অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম ওরিও আপডেট পাবেন ব্যবহারকারীরা। এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস টুইটারে এক প্রশ্নের জবাবে জানান, নোকিয়া ২ ব্যবহারকারীরা শীঘ্রই অ্যান্ড্রয়েড ৮.১ আপডেট পাবেন। এর ফলে ফোনের পারফরমেন্স আগের থেকে আরও ভালো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সারভিকাস জানান, আপডেটের পর ফোনটিতে ফাইল ম্যানেজমেন্টের জন্য গুগলের নতুন অ্যাপ অ্যান্ড্রয়েড গো যুক্ত করা হবে।
কয়েক মাস আগে থেকেই স্মার্টফোন লাইনআপের জন্য ওরিও আপডেট ছাড়তে শুরু করেছে নোকিয়া। ইতোমধ্যেই কয়েকটি মডেলের জন্য আপডেট রিলিজ করা হয়েছে। এক্ষেত্রে ন্যুগাট ৭.১.২ এর পরিবর্তে সরাসরি ওরিও’র সর্বশেষ বিল্ডে আপডেট দেওয়া হয়েছে। নোকিয়া ২’র ক্ষেত্রেও একই কাজ করবে প্রতিষ্ঠানটি।
গত অক্টোবরে বাজারে আসা নোকিয়া ২-এ আছে ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১২ চিপসেট, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট রম, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি ফিচার।







