নেত্রকোনায় আমন ক্ষেতে মাজরা, বাদামী ও পাতামোড়ানো পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। উঠতি ধান পরিণত হয়েছে খড় ও গো-খাদ্যে।
নেত্রকোনায় এবার অন্যান্য বছরের তুলনায় বেশী ফলনের আশা থাকলেও ফসল ঘরে তোলার মুহূর্তে আমন ক্ষেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষক জানিয়েছেন, বেড়ে ওঠা ধান গাছ এখন গোড়া পচা রোগসহ মাজরা, বাদামি ফড়িং ও পাতা মোড়ানো পোকার আক্রমণে বিবর্ণ হয়ে গেছে।
সবুজ সতেজ ধান গাছের পরিবর্তে বাতাসে দোল খাচ্ছে শুকনো বাদামি খড়। কৃষি বিভাগ জানায়, বন্যায় ফসলের ক্ষতির পর পরই দেখা দিয়েছে পোকার আক্রমণ।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল জানান, ১’শ ৯০ হেক্টর জমির ফলন ব্যহত হচ্ছে এই পোকার কারণে। তবে অধিদপ্তর এ ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
ভোলায় আর মাত্র এক মাস পর ধানের থোড় আসার কথা, কিছু জমিতে এরই মধ্যে ফলন আসা শুরু হয়েছে। এমন সময়ে বিস্তীর্ণ ধান ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকের ভাষায়, বোটা পোকা, পাতা মোড়ানো পোকা ও মাজরা পোকা নষ্ট করেছে অনেক জমির ধান।
সমস্যা সমাধানে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
কৃষক জানিয়েছেন, কীটনাশক ব্যবহারে গাছ কয়েকদিন ভালো থাকলেও পরে আবার হলুদ হয়ে যাচ্ছে।






