ঘরে নেইমারের দুটি জার্সিই ছিল। তাই বলে দুটো জার্সিই চুরি করে নিয়ে যাবে বেরসিক চোর? হ্যাঁ, ঘটনা এটাই। তবে নেইমারের ঘর থেকে নয়, জার্সি চুরি হয়েছে তার ক্লাব কোচ উনাই এমেরির ঘর থেকে।
বুধবার পিএসজি যখন স্ট্রাসবুর্গে ফরাসি কাপের ম্যাচ জিতেছিল, ঠিক সেদিন সন্ধ্যায়ই প্যারিসে কোচের অ্যাপার্টমেন্টে চুরির ঘটনা ঘটে। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজা ভেঙে চোরের দল যেসব মালামাল নিয়েছে তার মধ্য ছিল নেইমারের দুটি জার্সিও।
ফরাসি লি পয়েন্ট পত্রিকা জানিয়েছে, চুরির ঘটনাটি কর্তৃপক্ষকে প্রথম জানিয়েছেন এমেরির স্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, তাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।
মূল্যবান মালামালের মধ্য রোলেক্স ঘড়ি ও চ্যানেল ব্যাগ রয়েছে। এছাড়া এমেরির সংগ্রহে থাকা শিষ্য নেইমারের দুটি জার্সিও চুরি হয়। সব মিলিয়ে যার পরিমাণ ২০ হাজার ইউরো।
ঘটনার তদন্তের সঙ্গে সঙ্গে চোরদের ধরতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্যারিসের পুলিশ।







