নেইমার যেদিন প্যারিসে গিয়েছিলেন, সেদিন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের জন্য আইফেল টাওয়ারের গায়ে তার নাম লেখা হয়েছিল। আলো দিয়ে পিএসজির জার্সির রং সেটে দেয়া ছিল টাওয়ারে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয় পুরো বিশ্বে।
পুরোনো সেই ছবি দিয়ে প্যারিসের মেয়র আনে হিদালগো টুইট করেছেন, ‘প্যারিস নেইমারকে ভুলছে না। নেইমারের উচিত এবার প্যারিসের জন্য কিছু করা। আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিততে ইচ্ছে করে।’
আর্তিটা পরিষ্কার। নেইমারের মন নাকি পড়ে বার্সেলোনাতে। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে নেইমারের উপরে।
একিকে, বার্সেলোনার এক পত্রিকায় সাক্ষাতকার দিতে গিয়ে লিওনেল মেসি বলেছেন, ‘নেইমার যদি ফিরত, তাহলে সত্যি আমি দারুণ উৎসাহিত হতাম।’
পাশাপাশি তিনি বলেছেন, ‘জানি, এটা সবসময় সম্ভব নয়। অনেক কিছুর ব্যাপার রয়েছে। এটাও মানতে হবে, যে অবস্থায় নেইমার বার্সেলোনা পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সেই সময়টা কঠিন ছিল।’
সেদিনের কথা ভুলে মেসির মন্তব্য, ‘আমি খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না। নেইমার থাকলে আমরা আরও কিছু করতে পারব। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে নেইমার অন্যতম। সে দিক থেকেই নেইমারকে আমাদের দরকার ছিল।’
গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে নিয়ে নাটক কম হয়নি। প্যারিসের ক্লাবের সঙ্গে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আলোচনা বহু হয়েছে। কিন্তু নিষ্পত্তি হয়নি। এরপরে নেইমারকে পায়নি বার্সেলোনা। এতে ভেঙে পড়েননি মেসি।
পাঁচবারের ফিফা বর্ষসেরার কথায়, ‘নেইমারকে না পাওয়ায় আমি দুশ্চিন্তার মধ্যে নেই। কিন্তু ওকে পেলে আমাদের দল আরও শক্তিশালী হত। কিন্তু এও বলছি, নেইমারকে পাওয়া যায়নি বলে বার্সেলোনা দুর্বল, তা নয়, একেবারেই। বার্সেলোনা এখনো সেরা দল। তাকে ছাড়াই আমরা প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি।’
নেইমারকে পাওয়ার জন্য আপনি কী বার্সেলোনা ক্লাবের বোর্ডকে চাপ চাপ দিয়েছিলেন? মেসির বিরুদ্ধে এই প্রশ্নটাই বারবার উঠে এসেছে। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেসি বলেছেন, ‘আমি ক্লাবের সেই পজিশনে নেই। ক্লাবকে কোনো নির্দেশ দিতে পারি না। আমি জানিও না, ক্লাব নেইমারের জন্য কতটা চেষ্টা করেছে। তবে এটুকু বুঝি, ব্যাপারটা একেবারে সহজ ছিল না। প্যারিসের ক্লাবের সঙ্গে সমঝোতা করাটা কঠিন।’
দিন কয়েক আগে বার্সেলোনা প্রেসিডেন্ট যোসেফ মারিয়া বার্তামেউ বলেছিলেন, ‘নেইমার নিজের ফেরার ইচ্ছে ছিল ন্যু কাম্পে। কিন্তু পিএসজি তা হতে দেয়নি।’ এখন দেখার, শীতকালীন দলবদলে নেইমারের জন্য বার্সা আবার ঝাঁপায় কিনা?







