মুহুর্মুহু বোমা বর্ষণে গুড়িয়ে যাওয়া সিরিয়ার কথা বলছে নুড়ি পাথরগুলো। যেখানে প্রতিটি পাথরের টুকরোই যেন এক একটি গল্প বলে যাচ্ছে। ৫২ বছর বয়সী শিল্পী নিজার আলী বাদার তার নিপুণ হাতে সিরীয যুদ্ধের সকল দিক তুলে ধরেছেন এসব নুড়ি পাথরের মাধ্যমে। বিগত ৩৫ বছর যাবৎ তিনি সমুদ্রের তীর থেকে এই পাথরগুলো সংগ্রহ করেছেন আর তাতেই ফুটিয়ে তুলেছেন মনের ভাব।
ছবিগুলোতে দেখানো হয়েছে যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষায় ব্যস্ত একটি পরিবার। স্বল্পকিছু প্রয়োজনীয় জিনিস ও শিশুদের মাথায় নিয়ে চলেছে তারা। দেখানো হয়েছে মৃত মানুষের চিত্র, যুদ্ধে প্রাণ হারানো রক্তাক্ত মানুষ । রয়েছে প্রেম ভালবাসার প্রকাশ, স্বজন হারানোর বেদনা, যুদ্ধের ভয়াবহতায় ভীত সন্ত্রস্ত শিশু। তার এই নুড়ি পাথরের শিল্পকে তিনি মনের ভাব প্রকাশের এক অভিনব উপায় হিসেবে নিয়েছেন।















