‘সবাই বলছে করোনা, করোনা… ঠিক আছে, করবো না… নীল মুকুট এখন রিলিজ করবো না।’
আসছে ২৭শে মার্চ মুক্তি পাওয়ার কথা ছিলো কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘নীল মুকুট’। সে ছবিরই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে এই কথা বললেন নির্মাতা কামার।
যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বর্তমান করোনা পরিস্থিতি সবাইকে ভাবাচ্ছে। বিষয়টি নিয়ে সতর্ক চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরাও। এরইমধ্যে পিছিয়ে গেছে বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’র বায়োপিক নির্মাণের কাজ। ১৩ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও পিছিয়ে গেছে।
বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে একই অবস্থা বিরাজমান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জেমস বন্ড সিরিজের নতুন ছবি পেছানোসহ বাতিল হয়েছে বেশ কিছু আলোচিত কনসার্ট ও! করোনা পরিস্থিতির জন্য এবার পেছানো হল ‘নীল মুকুট’ এর মুক্তি।
বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই প্রযোজক-পরিবেশক সমিতির কাছ থেকে ২৭ মার্চের জন্য মুুক্তির অনুমতি পেয়েছিলো ‘নীল মুকুট’। সে হিসেবে প্রচার-প্রচারণার বিষয়গুলোও গুছিয়ে নিয়েছিলেন কামার।
পোস্টার প্রকাশের পর বৃহস্পতিবার (১২ মার্চ) টিজার ছাড়ার পরিকল্পনা ছিলো। কিন্তু সব কিছু আপাতত স্থগিত করলেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করলেন ‘শুনতে কি পাও!’ খ্যাত এই নির্মাতা।
তাহলে কবে মুক্তি পেতে পারে ‘নীল মুকুট?’-এমন প্রশ্নে প্রযোজক সারা আফরীন জানান, ১২ তারিখ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো ‘নীল মুকুট’-এর টিজার। তার ঠিক পনেরো দিন পর মানে ২৭ মার্চ ছিলো মুক্তি। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, তাই ঠিক করেছি আর এক সপ্তাহ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিবো কবে মুক্তি দেওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়তো ৩রা এপ্রিল মুক্তি পাবে ‘নীল মুকুট’। কিন্তু এই সবই এখন অনুমান।
‘নীল মুকুট’-এর পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি কামার। এর আগে শুধু জানিয়েছিলেন, প্লেনের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে। তাই ‘নীল মুকুট’কে কামার বলে আসছিলেন তার অপরিকল্পিত ছবি। বিদেশী কোন উৎসবে দেখানোর আগে দেশেই মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে আগেই চমকে দিয়েছিলেন কান-বার্লিন-লোকার্নোতে অফিসিয়াল নিমন্ত্রণ পাওয়া এই নির্মাতা।








