বিপিএলের মাঝপথে পুরো পারিশ্রমিক চাওয়ায় সিলেট সানরাইজার্স মালিকের সঙ্গে একরকম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পারিশ্রমিক নিয়ে বিসিবির নিয়ম জানার পর ভুল বুঝতে পারেন তাসকিন আহমেদ।
নিয়ম অনুযায়ী দুই ভাগে চুক্তির টাকা পরিশোধের কথা। অথচ তাসকিন বিপিএল মাঝপথে আসার আগেই পুরো পারিশ্রমিক দাবি করেন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সোমবার গণমাধ্যমকে জানান, কোনো এক ক্রিকেটার শতভাগ পেমেন্ট না পেলে নাকি খেলবেন না।
মঙ্গলবার জানা যায় সেই খেলোয়াড়টি সিলেটের তাসকিন। চট্টগ্রাম পর্বের ম্যাচ শেষ করে মিরপুরে অনুশীলন শুরু করা এ ক্রিকেটার সংবাদমাধ্যমকে জানালেন, পুরোটাই ভুল বোঝাবুঝি।
‘আমার সাথে তেমন কিছুই হয়নি জয় (শেখ কুদরত-ই ইবতিহাজ) ভাইয়ের। কোন দ্বন্দ্ব বা কোনো কিছুই হয়নি। এটা পুরোটাই ভুল বোঝাবুঝি ছিল। আমাদের কথা ছিল পারিশ্রমিক পরিশোধ হবে। আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিক খেলার আগেই পাবো। আসলে একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী পরিশোধ হবে। এখানে একটা মিস কমিউনিকেশন ছিল। এটা আসলে কোন দ্বন্দ্বের বিষয় না। মনে করি এটা নিউজেরও কোনো বিষয় না! জয় ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে।’
‘সত্যি কথা বলতে বায়ো বাবলের কারণে মালিকপক্ষ অনেক সময় হোটেলে থাকেন না। জয় ভাই খুবই অমায়িক মানুষ। তার সাথে আমাদের সবার বোঝাপড়া অত্যন্ত ভালো। কেবলই ভুল বোঝাবুঝি। কয়েকবার ফোন করেছিলাম, ভাইয়া হয়তো কোনো কারণে ধরতে পারেনি। তখন আসলে ভেবেছিলাম, আমি যেহেতু সরাসরি চুক্তির খেলোয়াড়, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আমার পেমেন্ট পরিশোধ হবে।’
‘উনি ব্যস্ত থাকায় জবাব দিতে দেরি করেছে। পরে আবার আমার সাথে কথা হয়েছে, নিয়ম অনুযায়ী আমার সবকিছু পরিশোধ হবে। এটা আসলে আমি জানতাম না। সবকিছু ঠিকই আছে। আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি।’ বলেন তাসকিন।








