অপরাধ

নিহত জঙ্গি মেজবার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে

নিহত জঙ্গি মেজবার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযানে নিহত জেএমবি সদস্য মেজবা উদ্দিনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব।

রোববার সন্ধ্যায় র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, নিহত জঙ্গি মেজবা উদ্দিনের পরিচয় নিশ্চিতের পর তার সম্পর্কে বিস্তারিত জানতে মেজবার পিতা, মাতা, স্ত্রী ও ভাইকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। কুমিল্লা থেকে র‌্যাবের একটি গাড়িতে তাদের ঢাকায় আনা হচ্ছে।

রোববার দুপুরে র‌্যাবের অনুসন্ধানে বের হয়ে আসে জঙ্গি জাহিদের প্রকৃত পরিচয়। জঙ্গি জাহিদের প্রকৃত পরিচয় জানার জন্য অনুসন্ধান শুরু করেছিল র‌্যাব। ওই ভুয়া পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট (আঙ্গুলের ছাপ) অনুসন্ধান করে জানা যায়, জাহিদের ফিঙ্গারপ্রিন্ট আরেকটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে গেছে। মিল পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, জাহিদের আসল নাম মেজবা উদ্দিন।

গত বৃহস্পতিবার গভীর রাত থেকেই পশ্চিম নাখাল পাড়ার ১৩/১ রুবি ভিলা নামের ৬ তলা বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তিনজন নিহত হয়। এসময় দুই র‌্যাব সদস্যও আহত হন।

জঙ্গি আস্তানায় অভিযান শেষে র‌্যাব জানায়, নিহত তিন জঙ্গি জেএমবির সদস্য। ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা ও ধ্বংস করার পরিকল্পনা ছিলো তাদের। ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে এ মাসের চার তারিখে বাসা ভাড়া নিয়েছিলো তারা।

বিষয়:জঙ্গির‌্যাব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…