যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পত্রিকা অফিসে সন্দেহভাজন হামলাকারী ভবন থেকে বের হওয়ার রাস্তা আটকে রেখেছিলেন যেন কেউ পালাতে না পারে।
তদন্ত ও পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আদালতে এ কথা বলেছেন হামলার ঘটনায় হওয়া মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হওয়া ওই হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
অভিযুক্ত হামলাকারী জারোড রামোসের বাড়ি তল্লাশি করে পুলিশ নিশ্চিত হয়েছে, অ্যানাপলিসে অবস্থিত ‘ক্যাপিটাল গেজেট’ পত্রিকা অফিসে হামলাটি পূর্বপরিকল্পিত ছিল।
শুক্রবার ৩৮ বছর বয়সী রামোসকে ৫টি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা উদ্দেশ্যমূলক পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে ভিডিও লিংকের মাধ্যমে অ্যান আরুন্ডেল কাউন্টি ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়।
এর আগে পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রামোস কোনো রকম সহযোগিতা করেননি বলে জানায় পুলিশ। শুক্রবারের শুনানি চলাকালেও পুরোটা সময় চুপ ছিলেন তিনি। তবে চুপ থাকলেও রামোস সবকিছু মনোযোগ দিয়ে দেখছিলেন বলে জানিয়েছে বিবিসি।

শুনানি শেষে বিচারপতি রামোসকে অজামিনযোগ্য গ্রেপ্তারের নির্দেশ দেন।
পত্রিকা অফিসে এ হামলার ঘটনায় শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এই হামলা পুরো জাতির বিবেককে হতবাক করেছে এবং আমাদের হৃদয়কে যন্ত্রণায় পূর্ণ করে দিয়েছে।’
অন্যান্য পেশার মতো সাংবাদিকদেরও এমন সহিংসভাবে হামলার শিকার হওয়ার ভয় ছাড়াই নিজের কাজ চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি।







