ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে পাওয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন পাকিস্তানি ওপেনার সারজিল খান। পিএসএলে খেলার সময় ফিক্সিংয়ে জড়িয়েছিলেন তিনি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিট তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
চলতি মাসের শুরুতে সারজিলের নিষেধাজ্ঞার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে পিসিবি। ৬০ পৃষ্ঠার রায়ে বলা হয়, সারজিল শুধু জুয়াড়িদের সঙ্গে সাক্ষাতই করেননি, সেই সঙ্গে আলোচনা করে তার পরিকল্পনা পরিচালনাও করেছেন।
রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আপিল করার কথা আগেই জানিয়েছিলেন সারজিলের আইনজীবী।
সারজিলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানাচ্ছে, ২২ সেপ্টেম্বরের মধ্য পিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট অনুমোদিত একটি স্বাধীন বেঞ্চে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন সারজিল।
নিষেধাজ্ঞা চলাকালে সারজিল আড়াই বছর কোনও ধরনের ক্রিকেটেই খেলতে পারবেন না। আর নিষেধাজ্ঞার আড়াই বছর শেষ হলে কেবল মাত্র ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন।
২৮ বর্ষী সারজিল ছাড়াও পিএসএলের সময় স্পট ফিক্সিংয়ের জন্য আরও চারজন ক্রিকেটারের নাম উঠে আসে। বাকিদের মধ্যে আছেন- ব্যাটসম্যান খালিদ লতিফ, নাসির জামশেদ, শোয়াইব হাসান ও পেসার মোহাম্মদ ইরফান। এর মধ্যে ইরফানকে এক বছরের নিষেধাজ্ঞাসহ বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আর বাকিদের বিরুদ্ধে মামলা চলছে।







