ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে।
পুলিশ জানিয়েছে, পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এপিবিএন, আনসার-ভিডিপি ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ও সাদা পোশাকের বিপুল সংখ্যক সদস্যের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই নিরাপত্তাবলয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: ইউসুফ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন: নাড়ির টানে ঘরে ফেরা ও ঈদের পর ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে গুলশান ও বারিধারার সব দূতাবাস এবং সংলগ্ন সড়কে থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারি থাকছে জানিয়ে তিনি বলেন ঢাকা মহানগরীর সবকটি প্রবেশ ও বহির্গমন পথে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। কূটনৈতিক ও মতিঝিল ব্যাংক পাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে।
জানা গেছে, গোটা রাজধানী জুড়েই পুলিশের বিশেষ টিম সোয়াত, স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেলে টহল, ফুট পেট্রোল, অত্যাধুনিক ইলেকট্রনিক চেকপোস্ট ও তল্লাশি চৌকি থাকছে।
ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার, আড়তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, মার্কেট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

এছাড়াও ছিনতাই, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় পুলিশি টহল, তল্লাশী চৌকি বাড়ানো হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স নিযুক্ত থাকছে।
এরআগে সোমবার সকালে কোথাও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রায় ৫০০টি ঈদ জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়।
ছবি: ওবায়দুল হক তুহিন








