নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে দলের দেওয়া প্রস্তাব ও সুপারিশ বুধবার সংবাদ সম্মেলন করে জানাবে আওয়ামী লীগ।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যা ছয়টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তার আগে বিকাল চারটায় বঙ্গবভনে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে ১৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশ সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রনয়নে গঠিত কমিটির আহবায়ক এইচ টি ইমাম উপস্থিত থাকবেন।







