নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ১১টি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন: ১৮ অক্টোবর ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়।
ওবায়দুল কাদের বলেন: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশা করি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি বলেন: বিএনপি একটা শক্তিশালী প্রতিপক্ষ। আমরা দুর্বলকে পরাজিত করে জিততে চাই না। শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হতে চাই। এর আগে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, সেই ভুল তারা আবার করবে বলে আমার বিশ্বাস হয় না। নির্বাচনে বিএনপি আসুক এটা আমরা মনে প্রাণে চাই।








