ঘরের মাঠে টুর্নামেন্ট শুরুর আগে ধাক্কাই খেল শ্রীলঙ্কা। বাংলাদেশ-ভারতকে নিয়ে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি ত্রিদেশীয় টুর্নামেন্টে অ্যাঞ্জেলো ম্যাথুজকে পাচ্ছে না লঙ্কানরা। আগামী ৬ মার্চ শুরু হয়ে ১২ দিন চলবে তিন দেশের প্রতিযোগিতা।
চণ্ডিকা হাথুরুসিংহে কোচ হওয়ার পর আবারও ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে অধিনায়ক করা হয় ম্যাথুজকে। কিন্তু জিম্বাবুয়েকে নিয়ে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মাত্র একটি ম্যাচেই দলকে নেতৃত্ব দিতে পারেন লঙ্কান অলরাউন্ডার। পরে নেতৃত্ব ভার বর্তায় দিনেশ চান্দিমালের কাঁধে। নিধাস ট্রফিতেও লঙ্কানদের নেতার দায়িত্ব পেতে পারেন চান্দিমাল।
বেশ কিছুদিন ধরেই ইনজুরি সঙ্গে একরকম সখ্যই হয়ে গেছে ম্যাথুজের। ২০১৬’র শুরু থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কার ১৮টি টেস্টের আটটি মিস করেছেন। ৪০টি ওয়ানডের মধ্য খেলতে পেরেছেন ২৪টি। আর ১৯টি টি-টুয়েন্টির মধ্য মাঠে নেমেছেন ১৪টিতে। সব মিলিয়ে এই সময়ে লঙ্কানরা মাত্র ৪০ শতাংশ আন্তর্জাতিক ম্যাচে পেয়েছে ম্যাথুজকে।
ম্যাথুজ ও শ্রীলঙ্কার চিকিৎসকরা বলেছেন, বর্তমান ইনজুরিটা গত বছরগুলোতে অনেক বেশি লোড নেয়ার কারণে। ২০১৩-১৬ পর্যন্ত তিন ফরম্যাটেই শ্রীলঙ্কার সবচেয়ে সক্রিয়া ক্রিকেটার ছিলেন ম্যাথুজ। এই সময়ে ব্যাট ও বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এ অলরাউন্ডার।
নিধাস ট্রফির আগে আরও খারাপ সংবাদ শুনতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা শেহান মাদুশঙ্কা হ্যামিস্টিং ইনজুরিতে পড়েছিলেন। অনেকটা সেরে উঠলেও প্রতিযোগিতামূলক কোন ক্রিকেটে এখনো ফিরতে পারেননি।
হাঁটুর সমস্যায় এরইমধ্যে ছিটকে গেছেন অলরাউন্ডার আসেলা গুনারত্নে। আর বাংলাদেশ সফরের শুরু থেকেই ইনজুরিতে ভুগছেন ওপেনার কুশল পেরেরা। তবে ঘরোয়া ক্রিকেটে দুটি ম্যাচ খেলে নিধাস ট্রফিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।








