নিধাস ট্রফিতে বাংলাদেশ ভালো করুক, এমনটি আশা করছেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি মনে করেন, বাংলাদেশ থেকে পাওয়া সাম্প্রতিক সাফল্য তার বর্তমান দলকে নতুন এই টি-টুয়েন্টি সিরিজে সাহায্য করবে।
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে নিধাস ট্রফি আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ, ভারত ইতিমধ্যে দেশটিতে পা রেখেছে। মঙ্গলবার রোহিত শর্মাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ সফরে আসার আগে শ্রীলঙ্কার অবস্থা বেশ এলোমেলো ছিল। সাবেক লঙ্কান ক্রিকেটার হাথুরুসিংহে দায়িত্ব নিয়ে সেই দলটাকে গুছিয়ে আনেন। বাংলাদেশ থেকে ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি শিরোপা নিয়ে যান।
‘বাংলাদেশ নিধাস ট্রফিতে ভালো করুক, সেটা আমি চাই,’ মন্তব্য করে নিজেদের পরিকল্পনা সম্পর্কে হাথুরুসিংহে বলেন, ‘এই সিরিজটাকে আলাদা গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করছি না আমরা। অন্য সিরিজগুলো যেভাবে খেলি সেভাবেই মোকাবিলা করব।’








