ব্রাজিল জাতীয় দলের অনুশীলন দেখতে না পেরে খ্যাপাটে ভক্তরা ‘নির্মম টিটকারি’ উপহার দিয়েছে নেইমারদের। পুলিশি বাধার মুখে তারা ‘৭-১’, ‘৭-১’ বলে স্লোগান দিতে থাকে।
রাশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে স্থানীয় দর্শকদের সঙ্গে ব্রাজিল দলের একটা সাক্ষাৎ পর্বের আয়োজন করে দেশটির ফেডারেশন। মাত্র ২০০ সমর্থককে অনুশীলন মাঠে আসার অনুমতি দেয়া হয়। কিন্তু গেটের বাইরে শত শত মানুষ হাজির হয়ে যান। পুলিশ তাদের বাধা দিলে সেখানেই বিক্ষোভ করতে থাকেন তারা।
সোমবার থেকে মূল অনুশীলন শুরু করবে ব্রাজিল। তার আগে শুক্রবার নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য মাঠ উন্মুক্ত করে দেয়া হয়।
২০১৪ সালে নিজেদের দেশের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে উড়ে যায় ব্রাজিল। অসন্তুষ্ট দর্শকরা সেই স্মৃতি দিয়েই খোটা দিতে চেয়েছেন তাদের জাতীয় দলকে।
সোমবার ব্রাজিল দল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে জুনের ৮ তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে।







