নিখোঁজ দুই আফগান সাংবাদিকের বিষয়ে তালেবান প্রশাসনকে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘ মিশন।
বার্তা সংস্থা রয়র্টাস জানায়, তালেবানের মুখপাত্র বিল্লাল করিমি বলেছেন তারা সাংবাদিকদের অপহরণের বিষয়ে তদন্ত করছে। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য তিনি অস্বীকার করেছেন।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এক টুইটে জানায়, ‘গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের উপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ বাড়ছে। তালেবান কেন ওই দুই সংবাদকেদের আটক করেছে সে বিষয়ে জানতে চায় জাতিসংঘ।’
পাশাপাশি তালেবানকে আফগান নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানানোর জন্য অহ্বান জানায় সংস্থাটি।

স্থানীয় গণমাধ্যম আরিয়ানা নিউজের ম্যানেজার আলি আসগারি জানায়, সোমবার বিকেলে দুইজন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু অপহরণকারীর পরিচয় স্পষ্ট জানা যায়নি।
মার্কিন বাহিনী প্রত্যাহারের পর গত আগস্টে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান দেশটির ক্ষমতা দখল করে। তারপর থেকে আফগানিস্তানে তালেবান বিরোধীদের এবং নারীদের নিরাপত্তার ভয় বেড়েছে। এরই মধ্যে সুশীল সমাজের অনেক ব্যক্তি ও নারী অধিকারকর্মী দেশ ছেড়ে পালিয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র জেনেভায় এক সংবাদ সম্মেলন জানান, নারী অধিকার নিয়ে প্রতিবাদ করায় গত মাসে ছয়জন নিখোঁজ হয়েছে।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসান বলেন, ‘আমরা তাদের মঙ্গল ও নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।’







