নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিখোঁজ মুবাশ্বার হাসান সিজারের নামে পেজ খুলেছে মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিয়ে কাজ করা ফ্রন্টলাইন ডিফেন্ডার্স। গত ৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বেগম রোকেয়া স্মরণী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন মুবাশ্বার হাসান সিজার।
ফ্রন্টলাইন ডিফেন্ডার্স সিজারের ছবি দিয়ে যে পেজ খুলেছে সেখানে তার জীবনবৃত্তান্ত দেয়া আছে। সেখানে সিজারের পরিচয়সহ তিনি কী নিয়ে কাজ করেন এবং কীভাবে নিখোঁজ হয়েছেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
এছাড়াও ফ্রন্টলাইন ডিফেন্ডার্স বাংলাদেশ সরকারের কাছে দুটি দাবি তুলে ধরেছেন। তারা নিখোঁজ শিক্ষক সিজারের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে তার সন্ধান ও নিরাপত্তার দাবি জানিয়েছে। পাশাপশি দোষীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের বিচার করার দাবি জানিয়েছে।
এছাড়া বাংলাদেশের মানবাধিকার কর্মীরা যেন কোনো রকম ভয়-ভীতি ছাড়া বাধাহীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তাও দাবি করেছে ফ্রন্টলাইন ডিফেন্ডার্স।
৭ নভেম্বর মঙ্গলবার থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারনিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
ওই দিন বিকেল থেকে তার কোনো খোঁজ না পেয়ে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিজারের বাবা মোতাহার হোসেন।
জিডিতে উল্লেখ করা হয়, ৭ নভেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর সিজারের খোঁজ পাওয়া যাচ্ছিলো না, মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।’
ইতোমধ্যে সিজারকে খুঁজে পেতে কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সিজারকে উদ্ধারে যেকোন ‘ক্লু’ পাওয়ার জন্য তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।







