দিনাজপুরের ঢেপা নদীতে নিখোঁজ যুবকের লাশ খুঁজতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্য মারা গেছেন।
নিহত ডুবুরি সদস্যের নাম আব্দুল মতিন (৪২)। তিনি রংপুর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর ডুবুরি সদস্য।
শনিবার সকাল সোয়া ৯টায় দিনাজপুর সদরের নশিপুর এলাকায় ঢেপা নদীতে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ডুবরি দলের সদস্য আব্দুল মতিনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাটি মূলত কাহারোল উপজেলার।
নিখোঁজ যুবকের লাশ খুঁজতে খুঁজতে সদর এলাকার ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে ডুবরি দলের সদস্যরা নদীতে নিখোঁজ যুবককের লাশ উদ্ধারে নামে। সকাল ৯টায় ডুবরি দলের সদস্য আব্দুল মতিন নদীতে দীর্ঘক্ষণ ডুবে থাকায় দলের অন্য সদস্যরা তাকে নদীর তলদেশে খুঁটিতে আটকা অবস্থায় পায়। পরে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন জানান, ডুবরি দলের সদস্য নিহতের ঘটনা তিনি কিছুই জানেন না।
তবে কান্তজিউ বিগ্রহ যাত্রাকালীন শুক্রবার দুপুরে কাহারোল উপজেলার ভদ্র বাজার সংলগ্ন ঢেপা নদীতে সুমন দেব শর্মা নামে এক যুবক নিখোঁজ হয়।
এলাকাবাসী জানান, সুমন দেব শর্মা কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউপির সুলতানপুর ভেন্ডাবাড়ি গ্রামের বিনয় দেব শর্মার ছেলে।







