সিলেট থেকে: ‘একটা খারাপ দিন যায়। আমাদের খারাপ দিন আজ চলে গেল শুরুতেই। এ দিনটা যাওয়াতে আমাদের জন্য ভাল হয়েছে। চেষ্টা করবো নতুন উদ্যমে ভাল করে শুরু করতে।’ হারা ম্যাচ শেষে বললেন আবু হায়দার রনি। শুরুটা গুরুত্বপূর্ণ, বিপিএল শুরুর আগে বলেছিলেন রনির দল ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে হারের পর তাই নতুন করেই শুরু করতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
সিলেটের উইকেটে রান আছে সেটি বোঝা গেল উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে। সিলেটের দুই ওপেনার ১২৫ রানের জুটি গড়ে একতরফা বানিয়ে দিলেন বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচ। তাতে ৯ উইকেটের বড় জয় নিয়ে শুরু করেছে সুরমা পাড়ের দল সিলেট সিক্সার্স।
অথচ ডায়নামাইটসের ব্যাটিং দেখে মনে হয়েছে উল্টোটা। প্রথম ইনিংসের পর শঙ্কা জেগেছিল নতুন ভেন্যুতেও হয়ত রান খরায় ভুগবে বিপিএল! ১৯ বল হাতে রেখে জয় তুলে সেই শঙ্কাটা কমিয়ে দিয়েছে নাসিরের সিলেট।
ঢাকার পেসার আবু হায়দার রনি ম্যাচে বোলিং করেছেন ৩ ওভার। ব্যাটিংয়ে নেমে ছিলেন ৭ রানে অপরাজিত। উইকেটে রান তোলা যে কঠিন ছিল না সেটি এককথায় মেনে নিলেন ম্যাচ শেষে, উইকেট খুব ভাল ছিল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৬ রানে থামে তারকাখচিত ঢাকার ইনিংস। রনি মনে করছেন লড়াকু সংগ্রহ গড়তে না পারার কারণ সিলেটের নিয়ন্ত্রিত বোলিং, ‘ওদের ভ্যারিয়েশনগুলো ভাল ছিল। শেষ দিকে ইয়র্কারগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে। চেঞ্জ অব পেসও ভাল ছিল।’
নিজেদের ব্যর্থতার দিনে সিলেটের দুই ওপেনারের প্রশংসা করেছেন ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া আবু হায়দার, ‘আমাদের পরিকল্পনা ছিল, যেহেতু কম রানে বোলিং করা, নিয়ন্ত্রিত বোলিং করা। বড় অবদান ওদের দুজন ব্যাটসম্যানের। ওরা খুব ভাল ব্যাটিং করেছে। ওরা দুজন ভাল ব্যাটিং করাতে আমাদের পরিকল্পনা সফল হয়নি।’

সিলেট শনিবার পেয়েছে নিজ এলাকার দর্শকদের প্রাণঢালা সমর্থন। ঢাকার পক্ষে কোনও স্লোগান শোনা যায়নি। এটির প্রভাব কী খেলায় পড়েছিল? রনির সোজাসাপ্টা উত্তর, ‘আমরা পেশাদার খেলোয়াড়। কখনো দর্শক আমাদের পক্ষে থাকবে কখনো বিপক্ষে থাকবে। এগুলো নিয়েই খেলতে হবে। এটা পার্থক্য করে না। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম না।’
জয়ে শুরু করা সিলেট সেই সমর্থনকেই বড় করে দেখছেন। ৪৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলা থারাঙ্গা বললেন, ম্যাচের প্রথম বল থেকে এমন সমর্থন যেকোনো দলকেই উজ্জীবিত করে।
সিলেটের অধিনায়ক নাসির হোসেন এমন সমর্থন সামনের সময়েও পাওয়ার আশা করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে নাসির বলেন, ‘দর্শকদের ধন্যবাদ আমাদের সমর্থনের জন্য। আশা করি, প্রতিটি ম্যাচেই তারা এভাবে আমাদের সমর্থন দেবে; এভাবেই আমাদের উৎসাহ দিয়ে যাবে।’







