সিলেট থেকে: ব্যাট হাতে নুরুল হাসান সোহানকে ফিনিশারের ভূমিকায় আগেও দেখেছেন নাসির হোসেন। দেখেছেন ঝোড়ো ব্যাটিং করে জয়ে অবদান রাখতে। এজন্য সোহানের ছক্কা-চার মেরে দলকে জেতাতে দেখে অবাক হননি সিলেট সিক্সার্সের অধিনায়ক। ম্যাচ শেষে অবশ্য পুরো কৃতিত্বটা সোহানকেই দিলেন নাসির।
‘সোহানের জন্যই এই জয়টা। ও ভাল ব্যাটিং করে, সবাই জানে। ছয়-চার বিস্মিত করার মতো কিছু না। ও সচরাচর মারে।’
ঘরের মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সহজ ম্যাচটা শেষের দিকে কঠিনই করে তুলেছিল সিলেট। শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় দুদলের দিকেই পাল্লা ঝুলিয়ে। ৬ বলে ১০ রান। বোলিংয়ে ডোয়াইন ব্রাভো। প্রথম বলেই বোল্ড শুভাগত। উইকেটে নতুন ব্যাটসম্যান সোহান। ৫ বলে ১০ রানের সমীকরণ যখন, ব্রাভোর বল লং অফের উপর দিয়ে পাঠিয়ে ছক্কা আনলেন। সোহান দুই বল পরে মেরে দিলেন চার। হারতে বসা ম্যাচে ১ বল হাতে রেখেই সিলেটের জয়। উদযাপনটাও হল তাই বাধঁনহারা।
তবে নাসিরের প্রত্যাশা ছিল সোহান নামার অনেক আগেই জিতে যাবে দল। তেমনটা না হওয়ায় কিছুটা আক্ষেপ তার কণ্ঠে, ‘সোহান নিঃসন্দেহে খুব ভাল ব্যাটসম্যান। ও এরকম ছয় অনেক মেরেছে। আমরা ঘরোয়া ক্রিকেটে সবসময় দেখি। আমার বিশ্বাস ছিল, একটা ওভার বাউন্ডারি হলেই হবে। তবে আশা করিনি সোহান পর্যন্ত নামতে হবে। আমরা ম্যাচটা অনেক আগেই জিততে পারতাম। কিছু ভুলের কারণে হয়ত ১০ ওভারের পর খারাপ ব্যাটিং করেছি। সে কারণে ম্যাচটা ক্লোজ হয়েছে।’








