নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের অনুযোগ, খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান না তারা। যেটি উন্নতির পথে অন্যতম অন্তরায়। সাম্প্রতিক সময়ে আবার আন্তর্জাতিক ম্যাচ খেলার হার শূন্যতে নেমেছে তাদের। শেষ কবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেটিই প্রায় ভুলতে বসেছেন রুমানা-জাহানারা-সালমারা। তবে সেসব ছাপিয়ে নারী ক্রিকেটে জাগরণের পূর্বাভাস দিলেন মেয়েদের উইংয়ের নতুন চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
গত বছর ফেব্রুয়ারিতে সবশেষ শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছে বাংলাদেশের মেয়েরা। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ তারও আগের মাসে, সাউথ আফ্রিকার বিপক্ষে। ডিসেম্বরে রুমানারা ভারত সফর করলেও সেটি ছিল ‘এ’ দলের ছায়ায়। গত এক বছর সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবির উইমেন্স উইং। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন শেষে কমিটি পুনর্গঠনের পর উইমেন্স উইংয়ে এসেছেন নতুন চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। নারী ক্রিকেট জাগরণে কাজও শুরু করেছেন। সুদিন আনার নানা উদ্যোগের কথা জানান তিনি।
ছয় মাসে পাঁচ দেশ সফর: চলতি বছর জুন থেকে আমাদের পরপর বেশ কয়েকটি ট্যুর আছে। আমরা মালয়েশিয়া যাব এশিয়া কাপের জন্য, নেদারল্যান্ডস যাচ্ছি, সাউথ আফ্রিকা যাব এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ। সবমিলিয়ে মেয়েরা আগামী ৭ মাস টানা খেলার মধ্যেই থাকবে। প্রতিটি ট্যুরই হবে প্রায় মাসব্যাপী। আমরা চাচ্ছি আগামী মাস থেকে ক্যাম্প শুরু করতে। টি-টুয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড ছাড়াও এ বছর মেয়েদের অনেক খেলা রয়েছে।

নতুন কোচের ভাবনা: ২০১৬ সালের অক্টোবরে নারী দলের কোচ হিসেবে যোগ দেন ডেভিড ক্যাপেল। গত বছরের ডিসেম্বরে দলের সাথে ভারত সফরেও ছিলেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তবে শফিউল আলম চৌধুরী জানালেন, নতুন কোচ নিয়ে ভাবা হচ্ছে, ‘নতুন কোচের ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আশা করছি আগামী ১০-১৫ দিনের মধ্যেই একটা সিদ্ধান্ত নিতে পারব।
‘সামনে ভাল করার উদ্দেশ্যে নতুন কোচ, ফিজিও, ট্রেনার এবং নতুন ম্যানেজমেন্ট নিয়ে আমরা যাতে ভাল ফলাফল অর্জন করতে পারি, সেটিই লক্ষ্য। গত দুই মাস থেকে আমরা এটি নিয়ে কাজ করছি।’ -যোগ করেন তিনি।
আতহারকে নাদেলের অনুরোধ: নারী ক্রিকেটের প্রধান ও একমাত্র নির্বাচক সাবেক ক্রিকেটার আতহার আলী খান। পাশাপাশি দলের ম্যানেজারও তিনি। পেশাদার ধারাভাষ্যকার হওয়ায় সারা বছর দেশ-বিদেশে ব্যস্ত থাকতে হয়। অনেক সময় মাঠে না গিয়েই সারতে হয় দল জাতীয় দল নির্বাচনের গুরুত্বপূর্ণ কাজ। নাদেল মঙ্গলবার বৈঠক করে আতহারকে অনুরোধ করেছেন বেশি সময় দিতে। এ সম্পর্কে তিনি বলেন, ‘তাকে অনুরোধ করা হয়েছে যেন পর্যাপ্ত সময় দেন। আজ (মঙ্গলবার) বসেছিলাম। এ ব্যাপারে আলোচনা হয়েছে। আশা করি তিনি সামনে থেকে সময় দেবেন।’
মার্চে জাতীয় চ্যাম্পিয়নশিপ: ‘আমরা আশাবাদী যে মার্চের ১৫ তারিখ থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ সিলেটে শুরু করতে পারবো।’
মেয়েদের বয়সভিত্তিক ক্রিকেট
‘আমরা আসলে চাচ্ছি যে বাংলাদেশ ওমেন্স টিমের কর্মসূচি যা আছে সেগুলো একটু ঢেলে সাজানোর জন্য। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বয়সভিত্তিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। আগামী মাস থেকে সিলেট, খুলনা এবং ঢাকায় স্কুল ক্রিকেট আয়োজনের একটি পরিকল্পনা আছে।’
বিসিবি সভাপতির আগ্রহ
‘আমাদের বোর্ড সভাপতি জনাব নাজমুল হোসেন পাপন আমাদের সুস্পষ্টভাবে বলেছেন বয়সভিত্তিক পর্যায়ে কাজ শুরু করার জন্য। এছাড়াও নিয়মিত যে প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলোও চালু থাকবে। নতুন করে আমরা সেখানে স্কুল ক্রিকেট অন্তর্ভুক্ত করেছি। যেহেতু বোর্ড সভাপতির আগ্রহ রয়েছে, তাই আমরা মনে করি, কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করতে পারব।’
ম্যাচ ফি বাড়াতে বিসিবির কাছে প্রস্তাব
মেয়েদের জাতীয় লিগের ম্যাচ ফি ৬০০ টাকা জেনে বিস্মিত হয়েছিলেন দেশের মানুষ। ক্রিকেট বাণিজ্যিকীকরণের যুগে কীভাবে ক্রিকেট বোর্ডের ম্যাচে কেন এত কম সেটি নিয়ে সমালোচনা কম হয়নি। এবার বিসিবির ওমেন্স উইংয়ের চেয়ারম্যান জানান, ‘ম্যাচ ফি বাড়ানোর জন্য বিসিবির কাছে প্রস্তাব করা হয়েছে। আশা করি বাড়বে।’










