আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের অবহেলা করার সুযোগ নেই। নারীদের নিজের মর্যাদা নিজেকেই গড়ে নিতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো জায়গায় যুদ্ধ বা প্রাকৃতিক দুযোর্গ হলে সেখানে দেখা যাবে নারী-শিশুরা বেশি অবহেলিত হয়। তাই আমাদের কারো দিকে মুখাপেক্ষি হয়ে চললে হবে না, নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের আত্মবিশ্বাসে কর্মস্থলে চলতে হবে।
‘তবেই নারীরা সবক্ষেত্রে মর্যাদা লাভ করবে,’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোনো কাজে কেঁদে কেটে ফিরলে কেউ মর্যাদা হাতে তুলে দেবে না, বরং করুণা করবে। কিন্তু করুণা ভিক্ষা নিয়ে তো মেয়েরা বাঁচতে পারে না। কাজেই মর্যাদাটা নিজেকেই অর্জন করতে হবে নিজের কর্মের মধ্য দিয়ে।
ইসলাম ধর্মে নারীর ক্ষমতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিবি খাদিজা যেমন প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য করতেন, দেশ-বিদেশ ঘুরতেন তাই আমাদের সামনে এমন কিছু দৃষ্টান্ত উদাহরণ রয়েছে।
নারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ইসলাম ধর্মের জন্য যে জেহাদ হয়েছে সেই জেহাদে প্রথম শহীদ হয়েছে তিনিও একজন নারী। নবীকরিম (সাঃ) সঙ্গে বিবি আয়েশা রণক্ষেত্রে যেতেন, তার পাশাপাশি থাকতেন অনুপ্রেরণা দিতেন। কাজেই ইসলাম ধর্মের নারীর ক্ষমতা গৌরবের ইতিহাস। আর সে কথাটি মনে রেখে প্রত্যেক নারীকে সামনে এগিয়ে যেতে হবে।
মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা, চাকুরীতে কোটা পদ্ধতিসহ বর্তমান সরকারের নারী উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






