ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমের শহর টুরকুতে সন্ত্রাসী হামলায় দুই নারী নিহত হয়েছে। মূলত নারীদের লক্ষ্য করেই শুক্রবার ছুরি দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রশাসন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন।
ঘটনার সময় পুলিশ ১৮ বছর বয়সী এক মরোক্কান হামলাকারীকে পায়ে গুলি করে গ্রেপ্তার করে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মরোক্কোর আরও চার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, হামলায় যে দুই নারী নিহত হয়েছে তারা দুজনই ফিনল্যান্ডের। আর আহতদের মধ্যে ব্রিটেন, সুইডেন এবং ইতালির নাগরিক রয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগের বয়সই ১৫-৬৭ বছর বলে পুলিশ জানিয়েছে। তবে এর বেশি তথ্য তারা জানায়নি।
ফিনল্যান্ডে এটিই প্রথম কোন সন্ত্রাসী হামলা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুহা শিপিলা। আর হামলার ঘটনাটি রাজনৈতিক আশ্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের তথ্য মতে হামলাকারী ২০১৬ সালে ফিনল্যান্ডে আসে।








