জাতীয় ক্রিকেট লিগে রংপুরের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। ১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা এই ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি থেমেছে ২১৬ রানে। এটিই প্রথম শ্রেনির ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি।
আগের সেরা ইনিংস ছিল ১৮৫। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ইনিংসটি খেলেন নাঈম।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরির মাইফলক স্পর্শ করেন ৩৪১ বলে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৪৯ বলে ২১৬ রান করে। ৫১০ মিনিট উইকেটে কাটিয়ে ইনিংসটি সাজান ২৩টি চার ও ৫টি ছক্কায়।
দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান করা নাঈমের এটি ২৩তম সেঞ্চুরি। তার ওপরে আছেন কেবল তুষার ইমরান (২৪টি)।
নাঈমের ব্যাটে চড়ে রানের পাহাড়ে চড়েছে রংপুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ৫৫৮ রান। বড় সংগ্রহে গড়তে ১৪৫ রানের ইনিংস খেলে অবদান রাখেন সোহরাওয়ার্দী শুভ। ৯৮ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ আর বড় করছেন আরিফুল হক।








