এমন অনেক হয়েছে। অধীর হয়ে ক্রিকেটপ্রেমীরা, ওদিকে বেরসিক আকাশের বাধ ভেঙে গেল। অঝোর ধারায় বৃষ্টি। শঙ্কার মেঘ। পরে বৃষ্টি থামলে আগপিছু করে খেলা আবার মাঠেও গড়িয়েছে। অথচ বুধবার তেমন কোন বাধ ভাঙেনি শের-ই-বাংলার আকাশের। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটাই যে হতে দিচ্ছে না বিপিএলের এদিনের প্রথম ম্যাচটি।
মিরপুরে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের মাঠের লড়াই দুপুর একটায় শুরুর সূচি থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসই হয়নি। পরে দুই ঘণ্টা পেরিয়েও ম্যাচের ভাগ্য নিয়ে খেলছে মেঘলা আকাশ। মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের দলের লড়াই দেখার অপেক্ষা তাই বাড়ছে।
আসরে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে সিলেট। আর চারে থাকা খুলনার ৪ ম্যাচ পর ২টি করে হার-জিত।
ঝিরিঝিরি নভেম্বর রেইন হয়ত শীতের আগমনী বার্তা গাইছে। আবার ধূলোয় নাভিশ্বাস অবস্থায় পড়া রাজধানীবাসীকে স্বস্তিও দিচ্ছে! সেইসঙ্গে বিপিএলের আকাশে শঙ্কার মেঘটাও জমাট করছে। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে নামার সূচি ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের। আপাতত সেই ম্যাচটিও শঙ্কায়!








