সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের প্রতিবাদ ও তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।
রোববার সকাল এগারোটা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সকাল এগারোটা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতিও একাত্মতা প্রকাশ করেন। সাংবাদিক নেতারা বলেন, অর্থমন্ত্রী তার মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
আগামী ২২ আগষ্ট নবম ওয়েজবোর্ড নিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।








