আসছে নতুন বছর। ২০১৬ সালের শেষ দিনে পুরনোকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেয়ার অপেক্ষায় আছে গোটা বিশ্ব। আর এরই প্রতিফলন যেন দেখা গেল গুগলের নতুন ডুডলে।
টেক জায়ান্ট গুগল বিভিন্ন বিশেষ দিন বা উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। নতুন বছরের আগমন বা নিউ ইয়ার এমনই একটি বিশেষ উপলক্ষ। এই উপলক্ষকে সামনে রেখে গত বছর ২০১৫-র শেষ দিনে পাখির ডিম দিয়ে এবং ২০১৬-র প্রথম প্রহরে সেই ডিম ফুটে ‘২০১৬’ নামের ছানা বের হওয়ার চমৎকার ডুডল বানিয়েছিল প্রতিষ্ঠানটি।
এবারের নিউ ইয়ারের আগের দিনের ডুডলে দেখা যাচ্ছে নানা রঙের অনেকগুলো বেলুন। সবগুলো ওপর থেকে ঝুলে আছে একটি জালের মধ্যে। তাদের একেকটার চেহারার অভিব্যক্তি একেক রকম। কেউ হাসছে, কেউ ভাবছে, কেউ দুশ্চিন্তায় আছে, আবার কেউ ব্যাপক উত্তেজনা নিয়ে ফুলে ফেঁপে আছে।
কিন্তু সবগুলো বেলুনের চোখই পাশে থাকা একটা দেয়ালঘড়ির দিকে। ঘড়িটাতে রাত ১২টা বাজার মিনিট তিনেক বাকি। সবাই অপেক্ষা করছে, কখন ১২টা বাজবে, কখন নতুন বছর ২০১৭ শুরু হবে।
নিউ ইয়ারস ইভ বা নতুন বছরের আগের দিন, আগের রাতটাকে এই ডুডলের মধ্য দিয়েই ফুটিয়ে তুলেছে গুগল। দেখা যাক, রাত ১২টার পর ডুডলটা পাল্টে কী হয়, বেলুনগুলো কী করে।








