গত বছরের ডিসেম্বরে ওলে গানার সোলশেয়ারের বিদায়ের পর কোচের ক্ষেত্রে স্থায়ী কোনো সমাধান পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র এক মাসের জন্য কেয়ারটেকার কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল গ্যারিক। তার বিদায়ের পর গত ৩ মাস ধরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন রালফ র্যাঙ্গনিক।
স্থায়ী কোচের অভাব, খেলোয়াড়দের অভ্যন্তরীণ কোন্দলকে পাশ কাটিয়ে ভালোই দল সামলাচ্ছিলেন র্যাঙ্গনিক। সপ্তম অবস্থানে থাকা দলকে তুলেছেন ৪ নম্বর অবস্থানে। তবুও র্যাঙ্গনিকেই থিতু হতে চাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড।
২০২২/২৩ মৌসুমের জন্য নতুন কোচ খোঁজার কাজ শুরু করছে ইংলিশ ক্লাবটি৷ মঙ্গলবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্পোর্টিং ডিরেক্টর জন মর্টাগ।
‘আমরা একজন স্থায়ী ম্যানেজার খুঁজছি। এক্ষেত্রে আমরা একটি পূর্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে চাই। আগামী মৌসুমেই তার হাতে আমরা দায়িত্ব হস্তান্তর করব। নতুন কোচের হাত ধরে ঘরোয়া এবং ইউরোপিয়ান শিরোপা জেতাই আমাদের লক্ষ্য।’







