চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ের চূঁড়ায় পৌঁছান রশিদ খান। কদিন পরে টি-টুয়েন্টির সেরা বোলারও হয়েছেন আফগানিস্তান তারকা। বয়স মাত্র ১৯। এই বয়সেই নতুন আরও একটি ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রশিদ। ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার অপেক্ষায় এ তরুণ আফগান লেগস্পিনার।
নিয়মিত অধিনায়ক আসগর স্ট্যানিকজাইয়ের অনুপস্থিতিতে রশিদের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অ্যাপেন্ডিক্সের অপারেশন থাকায় চারদলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ১০ দিন থাকতে পারবেন না আসগর। তার জায়গায় দলকে বিশ্বকাপের পথ দেখাতে হবে ওয়ানডে এবং টি-টুয়েন্টির র্যাঙ্কিংয়ের সেরা বোলার রশিদকে।
৩৭ ওয়ানডেতে মাত্র ১৩.২৬ গড়ে রশিদ নিয়েছেন ৮৬ উইকেট। টি-টুয়েন্টিতে ২৯ ম্যাচে ১৩.৭২ গড়ে শিকার ৪৭ উইকেট।
‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আসগরের ফিরতে সময় লাগবে ১০দিন। তাই দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান।’ বিবৃতিতে এভাবেই বিষয়টি নিশ্চিত করে আফগান ক্রিকেট বোর্ড।
৪ মার্চ জিম্বাবুয়ের বুলাওয়েতে স্কটল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হবে রশিদের। বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই দল স্বাগতিক জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।
রশিদের আগে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর। মাত্র ২০ বছর বয়সে জিম্বাবুয়েকে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন টাইবু।









