বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হওয়া শারমিন জাহানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে ঢাবিতে সহকারি রেজিস্ট্রার পদে চাকরিরত ছিলেন।
একইসাথে তাকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।
রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকুরী শৃঙ্খলা পরিপন্থী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানকে রোববার বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।
এরআগে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহান বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর মোজাফফর আহমেদ।
মামলায় অভিযোগ করা হয়েছে, অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান বিএসএমএমইউ’র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১১ হাজার এন-৯৫ মাস্ক সরবরাহের অনুমতি পায়। মাস্কগুলো সরবরাহের পর চিকিৎসকরা ব্যবহারের সময় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। চিকিৎসকরা জানান যে মাস্কগুলো মান সম্মত নয়। স্থানীয় বাজারের তৈরি করা মানহীন মাস্ক দেওয়া হয়েছে। এগুলো পরিধান করে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা সম্ভব নয়। পরে বিএসএমইউ কর্তৃপক্ষ পরীক্ষা করে নিশ্চিত হয় যে মাস্কগুলো মান সম্মত নয়।








