গায়ক নিক জোনাস খুব ভালো খেলোয়াড়ও বটে। তা না হলে তো আর প্রিয়াঙ্কা চোপড়ার মন জয় করা সম্ভব হতো না। আবারও তিনি নিজের দক্ষতার প্রমাণ দিলেন। তবে এবার প্রেমের মাঠে নয়, ফুটবল খেলার মাঠে দেখা গেলো তাকে। আর তার চিয়ার গার্ল ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রেমিকাকে ছাড়া যেন একেবারেই মন টিকছে না নিক জোনাসের। আর তাই মুম্বাই ছুটে এসেছেন তিনি। দুজনে দারুণ সময় কাটাচ্ছেন। আর এরই ফাঁকে রবিবার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং এক ঝাঁক বলিউড তারকার সঙ্গে ফুটবল খেলেছেন নিক। খেলার মাঠে ছিলেন আদিত্য রায় কাপুর, ইশান খাট্টার, শাবির আলুওয়ালিয়া, কুনাল খেমু সহ আরও অনেকে। পোশাকের রঙ দেখে ধারনা করা হচ্ছে ইশান ছিলেন নিকের দলে। আর আদিত্য রায় কাপুর এবং ধোনি ছিলেন অন্য দলে। ছোট যায়গায় খেলা এই ফ্রেন্ডলি ম্যাচটি মূলত একটি চ্যারিটি আয়োজন। নিকের এই ফুটবল খেলার ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল।
প্রিয়াঙ্কার বাগদত্তা নিক জোনাস শনিবার ভারতে পৌঁছেছেন। প্রিয়াঙ্কার সঙ্গে সেদিন রাতেই ডিনারে গিয়েছেন তিনি। সেখানেও পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন প্রিনিক জুটি। প্রিয়াঙ্কার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর কাজ শুরুর আগে অবসর উপভোগ করছেন এই জুটি। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি পরিচালনা করবেন সোনালি বোস। ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করবেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম।







