কোপা আমেরিকা শুরুর আগে সাম্বা শিবিরে বিতর্ক। ব্রাজিলীয় তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। গত মাসে প্যারিসের এক হোটেলে মদ্যপ অবস্থায় এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগের মুখে সেলেসাও সুপারস্টার। সেই খবরের একদিন পর মুখ খুলেছেন নেইমার। ফুটবলে ভলি খেলার মতোই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।
শুক্রবার সাও পাওলোয় নেইমারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। দেশটির মিডিয়ার খবর, ঘটনাটি ঘটে ১৫ জুন, প্যারিসের সময় রাত ৮টায়। অভিযোগ, মদ্যপ অবস্থায় হোটেল এক নারীকে ধর্ষণ করেন নেইমার।
তবে এক ভিডিও বার্তায় নেইমার দাবি করেছেন, তাকে হেনস্তা করতেই একজন আইনজীবীর মাধ্যমে এমন অভিযোগ তুলেছেন ওই নারী। ধর্ষণের শিকার নারীর নাম অবশ্য জানা যায়নি।
কিছুদিন আগে নেইমারের মতো ধর্ষণের অভিযোগ ওঠে আরেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধেও। ক্যাথেরিন মায়োরগা নামে এক মার্কিন নারী অভিযোগ তোলেন সিআর সেভেনের বিরুদ্ধে। পর্তুগিজ তারকার নামে একটি মামলাও হয়েছে, যার তদন্ত এখনো চলছে।
নিজের ভিডিও বার্তার পাশাপাশি নেইমারের ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের ওয়েবসাইটও একটি প্রেস রিলিজ দিয়েছে, যাতে বলা হয়েছে ২৭ বছরের ফরোয়ার্ডের বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।
বিবৃতিতে নেইমার ম্যানেজমেন্ট বলছে, ‘সংবাদটি নিয়ে অবাক হলেও ঘটনাটি খেলোয়াড় এবং তার কর্মীরা আগে থেকেই জানতেন। কয়েকদিন আগে তিনি সাও পাওলোতে একজন আইনজীবী দ্বারা জোরাজুরির শিকার হন, যিনি বলেছিলেন, তিনি অভিযুক্তের স্বার্থের প্রতিনিধিত্ব করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনা সম্পর্কে খেলোয়াড়ের আইনজীবীদের অবিলম্বে অবহিত করা হয়েছিল এবং তারপর থেকেই যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা পুরোপুরি অন্যায় ও নেতিবাচক সংবাদ প্রকাশের অপব্যবহার এবং সর্বোপরি অপব্যবহারকে প্রত্যাখ্যান করছি।’
ঘটনা সম্পর্কে জানতে নেইমারের ক্লাব পিএসজির এক কর্মকর্তা (যিনি এখন যুক্তরাষ্ট্রে) ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে যোগাযোগ করে ফক্স স্পোর্টস। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন পিএসজি কর্মকর্তা। একই পথ অনুসরণ করে সিবিএফও।
শোনা যাচ্ছে, চলতি বছরে ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে দু’জনের পরিচয় হয়। নেইমারের এক বন্ধু গালো ব্রাজিলীয় তারকার হয়ে প্যারিসের প্লেনের টিকিটও ওই নারীর জন্য বুক করে দেন। সেখানেই দু’জনের দেখা হয়।
নেইমারের বাবা তথা ব্রাজিলীয় তারকার এজেন্ট নেইমার সিনিয়র ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্রাজিলীয়ন টেলিভিশনে জানিয়েছেন, ‘সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমরা এখনো সত্যিটা জানতে পারিনি। নেইমারের ইনস্টাগ্রাম মেসেজ দেখলে ওই মহিলার সঙ্গে কনভারসেশন দেখতে পারব। আমি জানি তার বিরুদ্ধে অনেক অভিযোগই ওঠে। কিন্তু আমি আমার ছেলেকেও ভালো করে জানি। আমরা চাই সত্যিটা সামনে আসুক।’







