সাভারে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েক বছর আগে সাভারের পার্বতীনগর এলাকার এক তরুণীর সাথে বিয়ে হয় রাজধানীর উত্তরার শুভনের। চার মাস আগে তাদের মধ্যে ডিভোর্সও হয়ে যায়।
বুধবার শুভন ব্যাংক কলোনী এলাকায় তার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইদুজ্জামানের বাড়িতে বেড়াতে যায়। এসময় শুভনের বন্ধুর মা নুরহাজান ওই গৃহবধুকে তার বাসায় মোবাইল ফোনে ডেকে নেয়।
নাইদুজ্জামান ঐ নারীকে তার সাবেক স্বামী শুভনের সামনেই একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এবং শুভন ধর্ষণের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ঐ নারী কৌশলে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভন ও তার বন্ধু নাইদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।









