মিরপুর ১৩ নাম্বারের ন্যাম ভবনে এক গৃহকর্মীকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ এসেছে। এই ঘটনার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে ও সড়কে বিক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনতা।
তাদের তীব্র বিক্ষোভের মুখে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রোকেয়া সরণী হয়ে ফার্মগেট-মিরপুর ১০ নম্বর সার্কেলের পথে যান চলাচল বন্ধ থাকে।
পরে ট্রাফিক পরিদর্শকের আশ্বাসে তারা সড়ক থেকে সড়ে গেলেও তারা লাশ নিয়ে কাফরুল থানার সামনে বিক্ষোভ করে।
নিহত গৃহকর্মী জিনিয়ার মা ফুল বানু সাংবাদিকদের জানান, তার পরিবর্তে রোববার ওই ভবনের এক অতিরিক্ত সচিবের বাসায় কাজ করতে গেছিলেন জিনিয়া। সেখান থেকে সে আর ফেরত আসেনি। পরে পুলিশ তাকে ডেকে নিয়ে জিনিয়ার লাশ দেখায়।
ফুলবানুর অভিযোগ, ওই বাসার সরকারি কর্মকর্তার ছেলে তাঁর মেয়েকে ধর্ষণের পর মেরে ফেলেছে। পরে পুলিশের কাছে গেলেও পুলিশ এই মামলা নেয়নি। পুলিশ লাশ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের পর লাশ আজ তাদের কাছে হস্তান্তর করে।







