মুক্তচিন্তার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ব্লগার নিলয়ের জিডি গ্রহণ না করার দায়ে খিলগাঁও থানার ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যার যার ধর্ম সে সে করবে। কিন্তু অন্যের ধর্ম নিয়ে কটূক্তি করা মোটেও বাঞ্ছনীয় নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আমাদের দেশে প্রচলিত আইনের বিচার করা হবে।
দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।
সন্দেহভাজন ব্যক্তিরা অনুসরণ করছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ১৪ মে সকাল সাড়ে ১০ টার দিকে খিলগাঁও থানায় জিডি করতে গিয়েছিলো গবেষণা উন্নয়ন কালেক্টিভ নামে বেসরকারি সংস্থার সিনিয়র রিসার্চ অফিসার গণজাগরণ মঞ্চের কর্মী নিলয়। কিন্তু পুলিশ তা এড়িয়ে যাওয়ায় খুবই মর্মাহত হন তিনি।
র্যাবের এক কর্মকর্তা এবং জাপানে থাকা বাংলাদেশী আইন-শৃংখলা বাহিনীর এক কর্মকর্তার কাছে পরবর্তী করণীয় জানতে টেলিফোন এবং ই-মেইল করেন নিলয়। পুলিশের তদন্তেই বের হয়ে এসেছে পুলিশের বিরুদ্ধে নিলয়ের অভিযোগের প্রমাণ।
নিলয়ের মোবাইল ফোনের ল্যাকসেল মিলিয়ে ওই দিন সকালে খিলগাঁও থানার ভেতর তার অবস্থান নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। তদন্ত প্রতিবেদনে ওসি এবং এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হলেও তা আমলে নিচ্ছে না পুলিশ।
রক্ত মাখা টি-শার্টসহ হত্যাকাণ্ডের স্থল থেকে উদ্ধার কয়েকটি আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিআইডি ল্যাবে।






