ক্রিকেটে এশিয়ার দ্বিতীয় দল হওয়ার গৌরব অর্জন করে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতের ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আর একদিন পরেই বাছাই পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।
এশিয়া কাপে গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়ানো তাসকিন আহমেদ এবং ব্যাটিংয়ে নির্ভরতার পরিচয় দেয়া ‘সাইলেন্ট হিরো’ মাহমুদুল্লাহ রিয়াদ নিজেদের ফেসবুক পেজে নিরাপদে ধর্মশালায় পৌছার তথ্য জানান।
এর আগে ভারত রওয়ানা হওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপেও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠাও বাংলাদেশের লক্ষ্য বলে জানান মাশরাফি।
টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এবারের টি-২০ বিশ্বকাপে আটটি দল সরাসরি মূলপর্বে খেলবে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-২০ বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।






