অনিশ্চয়তা কাটিয়ে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ নিশ্চিত করলেও ধর্মশালার ভেন্যু নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিলো কলকাতার ইডেন স্টেডিয়ামে ম্যাচ নির্ধারণের মাধ্যমে তারও অবসান ঘটানো হলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন শীর্ষ কমকর্তার বরাতে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ভারত-পাকিস্তান ম্যাচটি কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে। অন্যান্য ভেন্যু যেমন মোহালি বা বেঙ্গালুরুর তুলনায় কলকাতার ইডেন গার্ডেনই এখন পর্যন্ত রয়েছে সেরা পছন্দের তালিকায়।
হিমাচল সরকারের পক্ষ থেকে ম্যাচটিতে নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলে জানানো হলে, ধর্মশালার ভেন্যু নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। এর ফলে পাকিস্তান ক্রিকেট দলের ভারত আসাও স্থগিত হয়ে যায়। সবধরণের অনিশ্চয়তা কাটিয়ে এখন ক্রিকেটের বড় বিজ্ঞাপন সরাসরি দেখার অপেক্ষায় কলকাতা।
বাছাইপর্ব উৎরানো দলের সাথে মার্চের ১৬ তারিখে পাকিস্তান এবারের বিশ্ব আসরের প্রথম ম্যাচটি খেলবে। আফ্রিদিদের পরবর্তী ম্যাচটিই হলো ক্রিকেটভক্তদের বহুল প্রতীক্ষার শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের।







