আন্তর্জাতিক

দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায় চীন

দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায় চীন

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি জোর দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মিসরে এক বৈঠকে তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দেন।

কায়রোভিত্তিক আরব লীগের বৈঠকে শি জিনপিং বলেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি চীনের সমর্থন রয়েছে।’ 

শুধু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমর্থন দিয়ে থামেননি চীনা প্রেসিডেন্ট। তিনি ফিলিস্তিন এলাকায় ৫০ মিলিয়ন ইয়েন ব্যয়ে সৌরশক্তি স্টেশন স্থাপনেরও ঘোষণা দেন।

এছাড়াও সংঘাত বন্ধে আলোচনাকে এগিয়ে নিয়ে শান্তিচুক্তি করার ওপর জোর দেন তিনি।

ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনা নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়ে চলেছে। এসব কারণে ফিলিস্তিনি নাগরিকদের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি আরব লীগকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এ সফরে তিনি সিরিয়া, জর্দান, লেবানন ও ইয়েমেনের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জিনপিং।

৩৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার সমস্যায় যেহেতু কোনো জয়ী দল নেই সে কারণে এ লড়াই অব্যাহত থাকা ঠিক নয়। তা ছাড়া এ যুদ্ধে শুধু শুধু সিরিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ লড়াইয়ের ইতি টানতে সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত এবং রাজনৈতিক আলোচনা শুরু করা উচিত। একই সঙ্গে সিরিয়ার জরুরি মানবিক সহায়তা দরকার।’

মিশর সফরের আগে সৌদি আরব সফর করেন চীনা প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এই রওয়ানায় ইরানও সফর করবেন জিনপিং।

বিষয়:চীনা প্রেসিডেন্ট ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…