বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির আওতায় আসতে পারে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে, কৌশলগত কারণে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের উত্তরে শিক্ষামন্ত্রী একথা বলেন।
তিনি বলেন: এমপিওভুক্তির বিষয়টি নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটি করা যায় না। আর একবার এমপিওভুক্ত করা হলে টাকা সংস্থানের উৎস স্থায়ী করতে হয়। এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করে যাচ্ছে।
এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষকদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন: আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। অর্থমন্ত্রী এমপিওভুক্তির বিষয়ে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এমপিওভুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এজন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরণ অনশন প্রতাহ্যার করেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।








