রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ইউক্রেনেও রাশিয়া জয়ী হবে।
ইউক্রেনে হামলা চালানোর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনীকে পরাজিত করার ৭৭তম বার্ষিকী উদযাপন করছে রাশিয়া। বার্ষিকীতে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশাল প্যারেডের আয়োজন করে মস্কো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত এবারও ইউক্রেন যুদ্ধে জয়ী হওয়ার আশার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। নাৎসী বাহিনীকে পরাজিত করার দিনে বিশাল সেনা প্যারেডের আয়োজন মস্কোর বহু বছরের ঐতিহ্য।
এদিকে রোববার পূর্ব ইউক্রেনের স্কুলে রুশ বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে কিয়েভ।
ইউক্রেনে গণহত্যার অভিযোগে রাশিয়া এবং বেলারুশের আড়াই হাজারের বেশি সেনা কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন জি-সেভেন নেতারা। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাজ্য সরকার।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। সেখানে ইউক্রেনের ফার্স্ট লেডির সাথে দেখা করেছেন তিনি।








