গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার জড়িত সন্দেহে গ্রেফতার হাসনাত করিমের দ্বিতীয় দফায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক আজ এ আদেশ দেন।
এর আগে হাসনাত করিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। গুলশান হামলার ঘটনায় এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার দেখানো হলো।
একই অভিযোগে অভিযুক্ত ৫৪ ধারায় আটক তাহমিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায়, রাতভর জিম্মি সংকটের পর ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে ১৩ জনকে উদ্ধার করে।
তাদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তারা বাসায় ফিরে যাননি বলে অভিযোগ করে পরিবার। ৩ আগস্ট তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ।
পরে ৪ আগস্ট হাসনাত ও তাহমিদকে আদালতে হাজির করলে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৮ দিনের রিমান্ড শেষে আজ ফের তাঁদের রিমান্ডে চায় পুলিশ।








