পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান ওঁলাদ।
ধারণা করা হচ্ছে, বিভিন্ন জরিপে জনসমর্থন কমে যাওয়ার ইঙ্গিত থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওঁলাদ হুঁশিয়ার করেছেন, তার এই সিদ্ধান্তের ফলে চরম ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের নির্বাচন জয়ের সুযোগ তৈরি হয়েছে।
ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয়বার নির্বাচন না করার এটিই প্রথম নজির।
ওঁলাদের অবর্তমানে প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যালিস্ট পার্টির মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। এক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছের কথা জানিয়েছিলেন ভলস।







