ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সমালোচকরা বলে থাকেন: যেখানে ভালো, কাজ সেখানেই তিশা! বছরে দু-একবার তাকে পাওয়া যায় বড়পর্দাতে। এ বছর ‘ফাগুন হাওয়ায়’র পর আবার তিশা আসছেন রুপালী পর্দায়। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অরুণ চৌধুরী পরিচালিত তিশা অভিনীত ছবি ‘মায়াবতী’। মুক্তি প্রতীক্ষিত এ ছবির প্রসঙ্গ ধরেই চ্যানেল আই অনলাইনের সাথে বিস্তারিত কথা বললেন তিশা…
মিডিয়াতে এক যুগের বেশির সময় ধরে ‘ক্লিন ইমেজ’ নিয়ে কাজ করছেন। কিন্তু সিনেমা করেছেন ৭ থেকে ৮টি। সংখ্যাটা এতো কম কেন?
সিনেমার সংখ্যাটা আমি আরও বাড়াতে পারতাম। কিন্তু আমি সংখ্যায় বিশ্বাস করিনা। আমি কোয়ালিটিতে বিশ্বাসী। আমার আছে মনে হয়েছে, ১৮-২০ ছবি না করে আমি যদি ৭-৮টি ছবির মাধ্যমে ভালো গল্প পছন্দ করে অ্যাফোর্ড দিতে পারি সেটাই হবে স্বার্থকতা এবং ৭টা ছবিই ১৮টার কাজ করবে। এ জন্য কাউন্ট করিনা আমি কয়টা সিনেমা করলাম! আমি দেখি, দর্শক আমার ছবিগুলো কতটুকু পছন্দ করে আমাকে আপন করে নিচ্ছে।
প্রয়াত তারেক মাসুদের পরিচালনায় যেমন কাজ করেছেন, তেমনি তৌকীর আহমেদের সাথেও কাজ করেছেন। মোস্তফা সরয়ার ফারুকী থেকে অনন্য মামুন কিংবা শামীম আহমেদ রনীর সঙ্গেও কাজ করেছেন এবার অরুণ চৌধুরী। অভিজ্ঞতা জানতে চাই…
একেকজনের নির্দেশনায় কাজের অভিজ্ঞতা একেক রকম। ইভেন, একজন পরিচালকের নির্দেশনায় দ্বিতীয়বার আরেক গল্প ও চিত্রনাট্যে কাজ করতে গেলে অন্যরকম অভিজ্ঞতা হবে। এবার অরুণ চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। তার সঙ্গে আগে সিনেমা (আলতাবানু) করার কথা ছিল, কিন্তু শিডিউল মেলেনি বলে করা হয়নি। ‘মায়াবাতী’র স্ক্রিপ্ট ওয়ান্ডারফুল। অরুণ দাদা সুন্দর একটি প্লট নিয়ে গল্পটা আমাকে বলেছে। গল্প পছন্দ হয়ে ব্যাটে মিলে যাওয়ায় কাজটি করেছি।

‘মায়াবতী’ একটি এগিয়ে যাওয়া মেয়ের গল্প। যেখানে আপনি একজন শিল্পী’র চরিত্রে কাজ করেছেন। চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে প্রস্তুতি ছিল কেমন?
যে কোনো চরিত্র পোট্রেট করতে গেলে প্রস্তুতির দরকার হয়। এই কাজটি করতে গিয়েও প্রস্তুতি নিতে হয়েছে। সহশিল্পী ইয়াশ রোহানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা। এরজন্য তার সঙ্গে রসায়ন তৈরি করার জন্য আগেই ফ্রেন্ডলি হতে হয়েছে। যতটুকু আমি প্রস্তুতি নিয়েছি তারচেয়ে বেশি আমার পরিচালক, সহশিল্পী, আমার ইউনিট প্রস্তুতি নিয়েছে। ‘মায়াবতী’ যদি মানুষকে স্পর্শ করে তাহলে ক্রেডিট যাবে টিমের কাছে।
‘মায়াবতী’র বেশিরভাগ শুটিং হয়েছে দৌলতদিয়ার ‘যৌন পল্লী’তে। সেখানে মনে ‘দাগ কাটা’র মতো কোনো ঘটনা যদি শেয়ার করতেন…?
‘মায়াবতী’তে কাজের আগেও আমি দৌলতদিয়া গিয়ে শুটিং করেছি। এবার গেলাম তৃতীয়বার। ছোটভাবে কিছু বলে বোঝানো যাবেনা। যদি কখনো বই লিখি সেখানে সবকিছু শেয়ার করবো। সেখানে প্রতিটি মানুষের জীবনে একটা করে গল্প রয়েছে। সেগুলো শুনলে ভিতর থেকে নাড়া দেবে। কিছু গল্প ভালো লাগবে, কিছুটা কষ্টে বুক হাহাকার করে উঠবে। তাদের সঙ্গে কথা বললে বেঁচে থাকার শক্তি পাবেন। যখন ওখানে কাজ করতে গেলাম, আমি খুব গল্প করেছি ওদের সঙ্গে। তাদের কথা শুনে ভেতর থেকে অনেককিছুতেই উৎসাহিত হই। চলতে গেলে সেই শক্তিটা কাজে লাগবে।
‘মায়াবতী’ হিট করবে বলে মনে করেন?
হাহাহা… পরবর্তী সিনেমার কাজ শুরু করবো। ফ্লপ হলেও কাজ করবো। আসলে ছবি হিট হবে নাকি ফ্লপ এটা বড় বিষয় না। এসব মাথায় রাখি না। মানুষ কতখানি পছন্দ করলেন এটাই আমার কাছে বড় বিষয়।
ব্যক্তিজীবনে আপনি কতোটা ‘মায়াবতী’? নিজেই নিজেকে বিশ্লেষণ করুন!
ব্যক্তিগত জীবনে মায়ার কথা আমার পরিবার বলতে পারবে। তবে আমার মনে হয়, যেখানে মায়ার প্রয়োজন সেখানে আমি মায়াই থাকি, সেখানে কঠোর হওয়া প্রয়োজন সেখানে আমি মায়া করেই কঠোর হই।
ব্যান্ডদল ‘চিরকুট’র গাওয়া ‘আটকে গেছে মন’ গানটা মানুষ গ্রহণ করেছে। ‘চিরকুট’ তো এর আগে আপনার ‘টেলিভিশন’, ‘ডুব’ চলচ্চিত্রেও গান করেছিলেন। আপনার ছবির জন্য চিরকুট লাকী?
ব্যাপারটা আমার কাছে তেমন মনে হয় না। পিন্টু দাদা আমার অন্য ছবিতে গান করেছেন। সে গানগুলোও ভালো হয়েছে। আবার চিরকুট যেসব ছবিতে গান করেছে সবগুলো গানই ভালো হয়েছে। তারা তাদের অবস্থান থেকে বেস্ট দেয়ার চেষ্টা করেন। আমার কাছে মনে হয়, ভালো একটা গল্প যখন মিউজিক ডিরেক্টরের কাছে যায় উনি মনে করেন আমার এখানে ভালো একটা ইনপুট দিতেই হবে। যে গানটার মাধ্যমে ছবি মানুষের মনকে ছুঁয়ে যাবে। ছবির সঙ্গে গানটাও আর্কাইভ হয়ে থাকবে।
নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে আপনার প্রযোজিত প্রথম ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ শুরু হবে কবে?
মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় এ ছবির শুরু হবে আগামী নভেম্বর মাসে। পুরো ছবির শুটিং হবে দেশের বাইরে। আমার সঙ্গে আরও প্রযোজক জড়িত। মানুষ যদি এ ছবির মাধ্যমে আমাকে ভালোভাবে গ্রহণ করেন তবে আগামীতে আরও প্রযোজনা করবো।
বিশ্বের বড় বড় উৎসবে আপনার ‘শনিবার বিকেল’ প্রদর্শিত হচ্ছে। প্রশংসা পাচ্ছে। কিন্তু দেশের দর্শক কবে দেখতে পাবেন?
আমি খুব বেশি জানি না। দর্শকদের মতো আমারও একই প্রশ্ন, কবে দেখতে পাবো! এটা পরিচালক ও প্রযোজক ভালো বলতে পারবেন।









